বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ৩৬ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ।

0
33

চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে মো. এহসান প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ৩৬ ঘণ্টা পার হলেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এদিকে, পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে তাঁকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

নিখোঁজ এহসান উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে। তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কালো পোশাক ও মুখে কালো মাস্ক পরা চার ব্যক্তি এহসানের ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। তাঁদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। অপর দুজন বাইরে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁদের পোশাকে এসআরবির লোগো ছিল। তবে ওই লোগোটি আসল নাকি নকল, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় করে এহসানকে নাপোড়া থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং হাজীবাজার এলাকায় নেওয়া হয়। পরে সেখান থেকে অন্য একটি অটোরিকশায় তাঁকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এহসানের পরিবারের সদস্যরা জানান, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পেরেছেন, এসআরবি পরিচয়ে যাঁরা এহসানকে নিয়ে গেছেন, তাঁরা প্রকৃত এসআরবি সদস্য নন বলে জানানো হয়েছে। কারা এবং কী কারণে তাঁকে তুলে নিয়েছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তাঁরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ব্যবসায়ী এহসানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পেকুয়ার নেজাম উদ্দিন প্রকাশ রেজু (৪২) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল সক্রিয়ভাবে অনুসন্ধান চালাচ্ছে।

এদিকে, র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন একুশে টেলিভিশনকে জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় এসআরবির পরিচয় ব্যবহারকারীরা প্রকৃত সদস্য নন। বিষয়টি নিয়ে তাঁরাও তদন্ত শুরু করেছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন হলে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ঘটনার ৩৬ ঘণ্টা পার হওয়ার পরও এহসানের সন্ধান না মেলায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত তাঁকে উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here