
বাঁশখালী কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে সংস্কার করা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালীর অন্যতম প্রবেশপথ তৈলারদ্বীপ সেতু।দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সেতুটির বিভিন্ন অংশ নিয়ে কিছুদিন আগে বাঁশখালী কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সেতুটির বেহাল দশা, চলাচলে দুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে সেতুটির প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হয়। ইতোমধ্যে সেতুর ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হয়েছে।
তৈলারদ্বীপ সেতুটি আনোয়ারা ও বাঁশখালীর মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন এই সেতু দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন পর সেতুটির সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও যাতায়াতকারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সেতুটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকি করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে। জনস্বার্থের বিষয়টি তুলে ধরায় প্রতিবেদন প্রকাশের পর দ্রুত সংস্কার কাজ শুরু হওয়াকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

