We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
বছরখানেক আগেই হাভিয়ের কাবরেরার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফুটবল সমর্থকরা। হামজা চৌধুরী-শমিত শোমরা আসার পর সেই দাবি আরো জোরালো হয়। কিন্তু এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকায় এই সপ্যানিশ কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন করে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে নাকি নতুন কাউকে নিয়োগ দেবে, সেই সিদ্ধান্ত নিতেই গতকাল শনিবার সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে সভায় বসেছিল জাতীয় দল কমিটি।
সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ছে না। আজ থেকেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করবে বাফুফে। আগ্রহীদের সিভি দেখে নেওয়া হবে সাক্ষাৎকার। অবাক করা ব্যাপার যে নতুন করে সিভি জমা দিয়ে সাক্ষাৎকার দিতে পারবেন হাভিয়ের কাবরেরাও।
এ নিয়ে আমিরুল ইসলাম বলেছেন, ‘কাবরেরার সঙ্গে আমাদের ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তি রয়েছে। এর মধ্যে আমরা নতুন কোচ খোঁজা শুরু করব। বিভিন্ন দেশের কোচদের সিভি নেওয়া হবে, প্রয়োজনে সাক্ষাৎকারও নেওয়া হবে।
কাবরেরা চাইলে তিনিও আবেদন করতে পারবেন। সবার সিভি দেখে জাতীয় দল কমিটি সিদ্ধান্ত নেবে।’ এর মানে কাবরেরা অধ্যায় পুরোপুরি শেষ করেনি বাফুফে। কাবরেরা যদি আবেদন করেন, তাহলে আগের চুক্তির কোনো কিছুই বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন আমিরুল, ‘সামনে জাতীয় দলের কোনো ম্যাচ নেই। তাই কাবরেরা যদি এখানে থাকতে চান, তাহলে তাঁকেও নতুন করে আবেদন করতে হবে।
আগের চুক্তির ভিত্তিতে কিছুই বিবেচনায় থাকবে না। নতুন করে সবার কাছ থেকেই আবেদন নেওয়া হবে। এরপর জাতীয় দল কমিটি সব সিভি পর্যালোচনা করবে। সিভিগুলো দেখে যাঁর যোগ্যতা ও মান সবচেয়ে ভালো মনে হবে, তাঁর সঙ্গেই আমরা পরবর্তী আলোচনা করব।’ কাবরেরার জন্য দরজা খোলা রাখায় ফুটবলাঙ্গনে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির কাছে বিষয়টি বিস্ময়করই ঠেকেছে, ‘তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনাতেই যাওয়া উচিত নয় বাফুফের। এখন যদি নতুন করে আবেদন করার সুযোগ দিয়ে থাকে, সেটি কোনোভাবেই ঠিক হবে না। আমি অবাকই হয়েছি এটা জানতে পেরে।’
২০২২ সালে প্রথম মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন কাবরেরা। এরপর তিন দফা মেয়াদ বাড়ানো হয় তাঁর। কিন্তু তাঁর অধীনে ২০২৩ সালে সাফের সেমিফাইনালে খেলা ছাড়া উল্লেখযোগ্য সাফল্য আসেনি। এবার হামজা চৌধুরী-শমিত শোমকে নিয়েও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যেতে পারেনি বাংলাদেশ। সে কারণেই তাঁকে সরিয়ে নতুন কোচের খোঁজে নেমেছে বাফুফে। গতকালের সভায় সিদ্ধান্ত হয়েছে, যাঁকেই দায়িত্ব দেওয়া হোক না কেন তাঁর মেয়াদ হবে দুই বছরের। একই সময়ের জন্য নিয়োগ দেওয়া হবে গোলরক্ষক কোচও।