চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি প্রেমবাজার পরিচালনা কমিটির উদ্যোগে এলাকায় কিশোর গ্যাং, মাদক ও জুয়া নির্মূল করার প্রত্যয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুইছড়ি প্রেমবাজার পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াছ সওদাগর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. রবিউল হক। সভায় বক্তারা পুইছড়ি ও প্রেমবাজার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ করে উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড বা কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং জুয়ার আসর সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ী-জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. রবিউল হক বলেন, "কোনো অবস্থাতেই এলাকায় মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের নামে উশৃঙ্খলতা সহ্য করা হবে না। অপরাধ দমনে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।" তিনি এসব সামাজিক ব্যাধি দূর করতে স্থানীয় বাজার কমিটি এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ ইলিয়াছ সওদাগর বলেন, "প্রেমবাজার ও পুইছড়ি এলাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে ব্যবসায়ী ও এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের সহযোগিতায় এই বাজারকে সম্পূর্ণ মাদকমুক্ত এবং কিশোর গ্যাং ও জুয়ামুক্ত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। উক্ত মতবিনিময় সভায় প্রেমবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই পুইছড়ি এলাকাকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।