মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
মানবাধিকার সুরক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়, মানবিকতা ও সচেতনতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলা কমিটির পরিচিতি সভা ও সাংগঠনিক দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, মানবাধিকার বিষয়ক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সম্মানিত সহ-সভাপতি মো. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মো. কাসেম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাফরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার নয়; সমাজের প্রতিটি সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। অন্যায়, অবিচার, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সংগঠনের সাংগঠনিক ভিত্তি যত শক্তিশালী হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম তত বেশি কার্যকর ও বিস্তৃত হবে। এজন্য নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বিশ্বাস, সহযোগিতা ও সমন্বয় বজায় রেখে মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক শৃঙ্খলা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নোয়াখালী জেলা কমিটি ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ মানবাধিকার প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন। তারা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, নির্যাতিতের কণ্ঠস্বর হওয়া এবং ন্যায়বিচারের পক্ষে কাজ করাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।
সভাপতির নির্দেশক্রমে সভার নির্ধারিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। সভা শেষে সংগঠনের সকল নেতৃবৃন্দ ও উপস্থিত সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক ঐক্য, ভালোবাসা, সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে আসক ফাউন্ডেশনের মানবাধিকারভিত্তিক কার্যক্রম নোয়াখালীসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আরও বিস্তৃত হবে এবং অসহায় মানুষের অধিকার রক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।