মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইউএই এইড (UAE AID)-এর উদ্যোগে খাদ্য সহায়তা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জকরিয়া বলেন, “সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি অসহায় পরিবারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। দুর্গত মানুষের পাশে সরকার ও বিভিন্ন মানবিক সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাশিদ আল আমাল আল জাহাবী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এবং বিইএটস (BEATs)-এর চেয়ারম্যান এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট নাছির উদ্দীন। এ সময় প্রধান অতিথির একান্ত সচিব শরিফ আহমেদ, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, মাস্টার লোকমান আহমেদ, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম, চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, চেয়ারম্যান মহসিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রনেতা এস এম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন মানবিক সংস্থার সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ইউএই এইডের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও বিভিন্ন উপহার বিতরণ করা হয়।