মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে মরহুম আজরুপ মিয়া ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান, আফ্রিকা প্রবাসী সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিনের উদ্যোগে উপজেলার ১,১৫০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে বাঁশখালী পৌরসভার আস্করিয়া এলাকায় আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিনের নিজ বাসভবনে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ সেলিম, আস্করিয়া সমাজের সভাপতি জসিম উদ্দিন, বাঁশখালী হজ্ব কাফেলার ব্যবস্থাপক আলহাজ্ব মুহাম্মদ ইমরান এবং আবু ছৈয়দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, "আমার বাবা আমাকে প্রায় এক কানি জমি বিক্রি করে আফ্রিকায় পাঠিয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে সেখানে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। বাবার সেই ত্যাগ ও স্মৃতিকে ধরে রাখতেই তাঁর নামে 'মরহুম আজরুপ মিয়া ট্রাস্ট' প্রতিষ্ঠা করেছি।
তিনি আরও বলেন, "২০১৮ সালে ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ট্রাস্টের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ ও নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা ট্রাস্টের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি ও সাহস জুগিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ শুধু বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবেই নয়, বরং সমাজে সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।